কক্সবাজারের উখিয়ায় ছয় লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার বালুখালী উখিয়ার ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

গতকাল সন্ধ্যায় র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাবের আভিযানিক দল শুক্রবার রাত ১টার দিকে বালুখালী উখিয়ারঘাট কাস্টমস স্টেশন জামে মসজিদসংলগ্ন রাস্তায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রোহিঙ্গা যুবক। এ সময় ধাওয়া করে ওই মাদক কারবারিকে আটক করে র‍্যাব। পরে বস্তা তল্লাশি করে ছয় লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাদক কারবারি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯-এর সি-১৫ ব্লকের মো. কালুর ছেলে মাহাত আমিন (১৮)।