সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান ও তার পরিবারের ৪ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। খবর বাসস।

পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে হোসেন আলীর স্ত্রী বেগম গোলেনুর, মেয়ে সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাসনা হেনা এবং মেয়ের জামাই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম (জাহাঙ্গীর) এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত।

দুদক কর্মকর্তা আবু সাঈদ জানান, আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এমতাবস্থায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়ার আবেদন করা হলে শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। আদেশ কার্যকর করতে আদেশের কপি পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হোসেন আলী ও তার মেয়ে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাসনা হেনাসহ পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।

এর আগে ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ চলাকালে বিএনপির ৩ নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আওয়ামী লীগ নেতা হাসানকে আসামি করা হয়েছে।