ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনে ভোট দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল খান। বন্দর নগরীর এসএস খালেদ সড়কের আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (আরপিএটিসি) গতকাল বেলা ১১টার দিকে ভোট দিতে আসেন তিনি। এ সময় তামিম ইকবালের সঙ্গে একই কেন্দ্রে ভোট দেন তার বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল খান। ভোট গ্রহণ শেষে নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর সদস্যরা তাকে দ্রুত গাড়িতে করে বাসায় পৌঁছে দেন।

কেন্দ্র থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।

আশা করি সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’ নির্বাচনের পরিবেশ অনেক ভালো আছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম ৯ আসনে এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলায় এবারের নির্বাচনে এক হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে মোট ১২ হাজার ৬০১টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।