জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের বিষয়ে জনমত জানতে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোঘণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারটি প্রশ্নের ওপর জনগণ ‘হ্যাঁ’ বা ‘না’ সূচক মতামত জানাতে পারবেন। এ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে রায় দিতে জনগণকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দল।

বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত আট দলের নেতাদের গতকাল যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলগুলোর পক্ষে এ আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার জন্য যে গণভোট হবে, সেখানে আমার দলসহ আট দল সংস্কারের পক্ষে “‍হ্যাঁ” বলবে। জনগণকেও গণভোটে “‍হ্যাঁ” বলার জন্য উদ্বুদ্ধ করা হবে।’

তিনি বলেন, ‘আট দল শুরু থেকেই সংস্কারের পক্ষে। কিন্তু গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অনেক বিষয়ে একটি দল বিরোধিতা করেছে। তাই জাতিকে সংস্কারের পক্ষে “‍হ্যাঁ” ভোট দেয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সরকারও যেন আগে কী ছিল, নতুন করে কী কী সংস্কার হচ্ছে, সেটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্ত করে, প্রচারপত্র বিলি করে, জাতীয় প্রচারমাধ্যমে প্রচার করে জনগণকে জানায়।’

এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘অনলাইনে একটি দলের কর্মী বাহিনী আগে থেকেই গণভোটে “‍না”র পক্ষে প্রচার চালাচ্ছে। এর মাধ্যমে কারা সংস্কারের পক্ষে নেই, সংস্কারের বিরোধিতা করছে, জাতি তাদের চিনতে পারল। গোটা জাতি সংস্কারের পক্ষে। যারা এর বিপক্ষে যাবে, জাতি নিশ্চয়ই তাদের প্রত্যাখ্যান করবে।’