মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) ‘ইনসিনারেটর প্লান্ট’ স্থাপন করা হয়েছে। নগরীর ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়িতে স্থাপিত এ প্লান্টে দৈনিক দেড় টন মেডিকেল বর্জ্য পোড়ানো যাবে। গতকাল দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় নির্মিত এ প্লান্ট উদ্বোধন করা হয়। যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ‘বৃহত্তর ঢাকা অঞ্চলে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এ প্লান্ট স্থাপনের কাজ করেছে ওয়েস্ট কনসার্ন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, ওয়েস্ট কনসার্নের পরিচালক ইফতেখার এনায়েতুল্লাহ, নির্বাহী পরিচালক আবু হাসনাত, জেলা সিভিল সার্জন মশিউর রহমান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, নাসিকের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম প্রমুখ।
সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, সবুজ নগরী গড়তে তারা কাজ করে যাচ্ছেন। ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব এ উদ্যোগ ফলপ্রসূ হবে বলে মন্তব্য করেন। তবে এ কার্যক্রম টেকসই করার তাগিদ দেন তিনি।










