রাজধানীতে কোরবানি পশুর চামড়া সংগ্রহ শুরু করেছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। বিভিন্ন পাড়া-মহল্লায় চলছে পশুর চামড়া সংগ্রহ করছেন তারা। তবে আগের বছরের তুলনায় চামড়া কম আসছে বলে মন্তব্য ব্যবসায়ীদের।

রামপুরা ব্রিজ এলাকার বিটিভি ভবনের সামনের সড়কে আল-জামিআতুল ইসলামিয়া আশরাফুল উলূম (কাশেমিয়া মাদ্রাসা)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আজ চামড়া সংগ্রহকারীরা জানান, ‘প্রতিবছর রামপুরা, আফতাবনগর ও আশেপাশে এলাকা থেকে চামড়া সংগ্রহ করে থাকে কাশেমিয়া মাদ্রাসা। এতিমখানা ও মাদ্রাসার জন্য অনেকে দানও করে। এবারও আমরা চামড়া সংগ্রহ করছি।’

তারা আরো বলেন, ৪০০-৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। এবার চামড়ার পরিমাণ কম। আগের বছরের চেয়ে কম সাড়া পাচ্ছি। পরবর্তী প্রক্রিয়া শেষে ট্রাকে করে ব্যবসায়ীদের আড়তে চামড়া পাঠিয়ে দেয়া হবে।

এবার ঈদে প্রায় ১ কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি মালিকরা। সরকারের পক্ষ থেকেও নেয়া হয়েছে নানামুখী উদ্যোগ। সরকার নির্ধারিত দামে এবার ঢাকার ভেতরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬২-৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সংরক্ষণ জটিলতা এড়াতে অন্য জেলার লবণ ছাড়া কাঁচা চামড়া ঢাকায় প্রবেশ করতে দেয়া হবে না বলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

এছাড়া কোরবানির চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ কিংবা প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে কন্ট্রোল রুম থেকে। এজন্য একটি হটলাইন নম্বরও চালু করেছে সরকার, যা ঈদের পুরো সময় সক্রিয় থাকবে।