যশোরে প্রশাসনের তত্পরতায় দশম শ্রেণীপড়ুয়া এক কিশোরীর বিয়ে বন্ধ করা হয়েছে। বাল্যবিবাহ আয়োজনে সংশ্লিষ্টতা থাকায় মেয়ের বাবা মো. শামীমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, শুক্রবার যশোর শহরের সিটি কলেজপাড়ার ৩ নম্বর কলোনির মো. শামীম তার মেয়ের বিয়ের আয়োজন করেছেন—এমন খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সেখানে হাজির হন। ১০ম শ্রেণীপড়ুয়া ১৬ বছর ৮ মাস ২৯ দিন বয়সী মেয়ের বিয়ের আসরে অনেক মানুষের উপস্থিতি পাওয়া যায়। এ সময় ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেয়ের বয়স ১৮ না হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইনে তার বাবাকে কারাদণ্ড দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি জানতে পেরে পাত্রপক্ষ বিয়ের আসরে আসা থেকে বিরত থাকে। এ সময় মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।










