বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নাম পরিবর্তন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং ০৫, ২০২৫ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধন করা হয়। এতে ১৯৯৮ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনীতে সবক্ষেত্রেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়’ নামের পরিবর্তে ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ প্রতিস্থাপিত হয়েছে।
নাম পরিবর্তনের পর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।










