অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এ দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। ২৮ ফেব্রুয়ারি নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।

এদিকে দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক শুরু হয়। দুপুর আড়াইটার দিকে যমুনার সামনে এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানানো হবে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। তিনিই কর্মসূচি ঘোষণা করতেন। যে ছয় শিক্ষার্থীকে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয় তাদের অন্যতম ছিলেন তিনি। তাছাড়া তাকে তুলে নিয়ে ব্যাপক নির্যাতনও চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তাতে উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইমেধাবী শিক্ষার্থী। পরে তাকে তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।