খুলনায় প্রথম শনাক্ত কভিড-১৯ এর রোগীকে তার বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই রোগীর সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়ে এসেছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকেন্দার। 

গতকাল সোমবার তিনি রোগী বাড়ি যান। এ সময় পিপিই পরা অবস্থায় রোগীর সামনা সামনি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কথা বলেন। বিভিন্ন পরামর্শ দেন।

এসময় রোগী কিছুটা আতঙ্ক প্রকাশ করলে খুমেক হাসপাতাল পরিচালক বলেন, আপনার ছেলের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। পরিস্থিতি জটিল হওয়ার আগে আপনার শরীরে ব্যথা কাশি সর্দির লক্ষণ দেখা দেবে। তখন আপনাকে হাসপাতালে নেয়া হবে। আমরা এসেই আপনাকে হাসপাতালে নিয়ে যাব।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস। 

এদিকে করোনা আক্রান্ত রোগীর বাসায় গিয়ে খুমেক হাসপাতাল পরিচালকের সামনাসামনি কথা বলার ঘটনা নিয়ে খুলনায় চিকিৎসকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। 

বিমল সাহা নামে একজন ফেসবুকে লিখেছেন, এটি অন্যান্য চিকিৎসকদের যেমন উৎসাহ জোগাবে, তেমনি সাধারণ মানুষের মনে সাহসের সঞ্চার করবে। 

তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য বিদায়ী পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ ফেসবুকে লিখেছেন, এটা খুব  ভালো। কিন্ত গতকালই কোয়ারেন্টিনে যাওয়া উচিৎ ছিল তোমার। তুমি আক্রান্ত হলে সব শেষ!

তবে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলছেন, হাসপাতালের পরিচালক ওই রোগীকে পরামর্শ দেয়ার জন্য তার বাসায় ও কক্ষে গিয়েছেন। কিন্তু ওই সময়ে রোগীর গায়ে হাত দেননি তিনি। তার পিপিই পরা ছিল। নিরাপদ দূরত্বে থেকেই কথা বলেছেন। সুতরাং এ অবস্থায় তার কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন আছে বলে মনে হয় না।