যশোরে মুদি দোকানি এরফান হোসেনকে (২৮) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে শহরের খড়কি ধোপাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত এরফান ধোপাপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী চায়ের দোকানি আবদুল আজিজ বলেন, বিকালে এরফান কবরস্থানের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় পাঁচ দুর্বৃত্ত এরফানের বুকে ছুরি মেরে কবরস্থানের পাশের রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তিনি দুর্বৃত্তদের চিনতে পারেননি। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, কী কারণে, কারা তাকে হত্যা করেছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। পুলিশ হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের আটকের চেষ্টা করছে।

নিহতের মামাতো ভাই আবদুস সোবহান বলেন, খড়কি দক্ষিণপাড়ায় এরফান হোসেনের মুদি দোকান রয়েছে। কারো সঙ্গে তার বিরোধ নেই। কী কারণে তাকে হত্যা করা হলো সেটা তারাও বুঝতে পারছেন না।