কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহের সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবদিয়া উপজেলার বহির্নোঙর সাগরে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, কোস্টগার্ডের টহল জাহাজ ‘অপূর্ব বাংলা’ শনিবার সকাল থেকে কুতুবদিয়া সাগরে নিয়মিত টহল দিচ্ছিল। দুপুরের দিকে সন্দেহজনকভাবে বাংলাদেশী অয়েল ট্যাংকার ওটি ইউনিয়ন ও পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি ডলফিন-১৯ জ্বালানি তেল আদান-প্রদান করতে দেখে কোস্টগার্ড সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করে। তবে তারা জ্বালানি সংগ্রহের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
সিয়াম-উল-হক আরো জানান, বিদেশী জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু তা না করে শনিবার সকাল ৭টায় কুতুবদিয়া বহির্নোঙরে নোঙর করে এবং দুপুর ২টা পর্যন্ত ৩৫৬ মেট্রিক টন জ্বালানি সংগ্রহ করে।
তিনি জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি কোস্টগার্ডের তত্ত্বাবধানে রয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে। একই সঙ্গে মেরিন কোর্টের মাধ্যমে জাহাজ দুটির বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে তেল সরবরাহ করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড। বাংলাদেশি ৯ জন ক্রুসহ জাহাজ দুটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের তত্ত্বাবধানে রয়েছে।










