বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি শক্তি বিএনপির মধ্যে বিভেদ তৈরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপির এ নেতা জানান, নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব বা বিভাজন সৃষ্টি করা যাবে না। তিনি বলেন, বিএনপির ভেতরে বিভেদ তৈরি করলে অন্যরা ফায়দা নেবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, আরেকটি দলও ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। অতীত অভিজ্ঞতা বলে দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষমতা তাদের নেই।
তিনি বলেন, ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী হিসেবে এ অঞ্চলের মানুষের জন্য কাজ করেছেন। তার পরিবারেরও এ এলাকায় অবদান রয়েছে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার এ আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন।
এর আগে, তিনি গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। সেখানে উপস্থিত ছিলেন তার ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা। কবর জিয়ারতের পর তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হন।










