১১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান এবং বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ১৫ অক্টোবর মহা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে উৎসবটির সমাপ্তি ঘটবে। শারদীয় উৎসবকে ঘিরে দেশের অন্যান্য স্থানের মতো সিরাজগঞ্জ জেলায়ও চলছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসন সূত্র জানায়, এবার জেলায় ৪৮২টি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে জেলার মণ্ডপে মণ্ডপে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রতিমা তৈরির কাজ। তবে করোনার কারণে মণ্ডপের বাইরে শুধু নিরাপত্তার জন্য আলোর ব্যবস্থা ছাড়া বাড়তি কোনো আলোকসজ্জা করা হচ্ছে না।

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক বলেন, আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলার সব উপজেলার সংগঠনের নেতা, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে সরকারি ঘোষণা মোতাবেক এ বছর স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম বলেন, জেলায় আসন্ন দুর্গা পূজা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রত্যেক মণ্ডপে পুলিশ, গ্রামপুলিশ ও আনসার সদস্য মোতায়েন করাসহ পুলিশ সর্বদা সতর্ক থাকবে। এছাড়া অতি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও নেয়া হবে।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, এবার জেলায় ৪৮২টি মন্দির ও মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়সহ সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।