খাগড়াছড়িতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
সভার শুরুতে জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে এর অগ্রগতি, বাস্তবায়ন ও করণীয় সম্পর্কে তুলে ধরা হয়।
এছাড়াও পাহাড়ে চাঁদাবাজি, পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে গোলাগুলি, পাহাড় কাটা, ভূমি দখল রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও রমজানকে ঘিরে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা নিয়ে আলোচনা হয়।
রমজানে ব্যবসায়ীরা নিত্যপণ্যের যাতে দাম যাতে বাড়াতে না পারে সেজন্য প্রশাসনকে মোবাইল কোর্ট ও বাজার পরিদর্শন এবং পরিবেশ রক্ষায় তাগিদ দেন উপদেষ্টা। একই সঙ্গে পাহাড়ে একে অপরের ভাই ভাই হিসেবে সুন্দরভাবে উন্নয়ন কাজ এগিয়ে নিতে আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সুপার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










