২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে টেলিযোগাযোগ সেবা খাতের গ্রাহকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় সংগঠনটি।
বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের কোটি কোটি মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর প্রত্যাশা ছিল এবারের বাজেটে টেলিযোগাযোগ সেবাকে আরও সাশ্রয়ী ও গ্রাহকবান্ধব করা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, গ্রাহকদের দীর্ঘদিনের দাবি — কলরেট বা ফ্লোর প্রাইস তুলে দেয়া, পদ্মা সেতুর নামে আরোপিত সারচার্জ প্রত্যাহার, এবং টেলিযোগাযোগ সেবার ওপর বিদ্যমান প্রায় ৩৯ শতাংশ কর ও ভ্যাট কমিয়ে আনা — এসব গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত হয়েছে।‘
তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে টেলিযোগাযোগ সেবা সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সেবায় পরিণত হয়েছে। অথচ অতিরিক্ত করের বোঝা গ্রাহকরা প্রতিনিয়ত আর্থিক চাপে পড়ছেন।
মহিউদ্দিন আহমেদ অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে অপারেটর ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কিছু ইতিবাচক দিক থাকলেও গ্রাহকদের সুরক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।










