দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার বিকালে তিস্তা ব্রিজ পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিএনপি কথা দিয়ে কথা রাখে এ জন্য আজ পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব মহাপরিকল্পনা বাস্তবায়নে এলাকায় এসেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও ইতোমধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি গত বছরের ১৮ ফেব্রুয়ারি 'জাগো বাহে তিস্তা বাঁচাই' আন্দোলনের সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের তিস্তাপাড়ের মানুষের সাথে একাত্মতা ঘোষণার কথাও স্মরণ করিয়ে দেন।
মন্ত্রী জানান, এ অঞ্চলের মানুষের এক সময় গোলাভরা ধান ছিল, গোয়ালভরা গরু ছিল, পুকুরভরা মাছ ছিল। তিস্তাপাড়ের মানুষ আনন্দে দিন কাটাত। কিন্তু সেই তিস্তা আজ বিরান ভূমি। ছিন্নমূল মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরি হয়েছে। তাই সবার দাবি তিস্তা যেন তার চিরচেনা রূপে ফিরে আসে।










