‘বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে গিয়েছে দুর্বৃত্তায়নের কারণে। ভোটাধিকার হারিয়েছে এদেশের মানুষ। তাই এখন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থাকে পরিচ্ছন্ন করা। আবারো ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটার জন্য সংস্কার ও নির্বাচন দুইটি গুরুত্বপূর্ণ।'
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত এক সম্প্রতি সমাবেশে এ কথা বলেন সুজনের সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে ছয়টি সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। প্রস্তাবগুলো বাস্তবায়ন হতে হবে। অনেকে বলে আগে সংস্কার নাকি আগে নির্বাচন। আমি বলব, দুইটি সংস্কার একইসঙ্গে দরকার। সংস্কার ছাড়া নির্বাচন করলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে না। আবার নির্বাচন ছাড়াও সংস্কার করা সম্ভব না। তাই ভোটাধিকার নিশ্চিত করা, নির্বাচন ও রাজনৈতিক অবস্থাকে পরিচ্ছন্ন করতে সংস্কার ও নির্বাচন দুটিই দরকার।
এসময় সমাজে ও রাষ্ট্রে সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়া সম্ভব বলে মন্তব্য করেন ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্ম, বর্ণ, মত, বয়স, নারী, পুরুষ বিভিন্নভাবে বিভক্ত। কিন্তু দেশকে এগিয়ে নিতে হলে সবার মধ্যে একটি আত্মীক সম্পর্ক গড়ে তুলে সারাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নিজেদের মধ্যে বিভাজন থাকলে আমরা দুর্বল হয়ে পড়ব। এ দুর্বলতা নিয়ে বেশি দূর এগোনো সম্ভব না।
এসময় তিনি সংস্কার প্রস্তাবে সবার মধ্যে সম্প্রতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রস্তাব রয়েছে এবং সরকার সে অধিকার প্রতিষ্ঠা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।










