করোনা ভাইরাস নিয়ে ইউটিউবে ভিডিও দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে খুলনায় একজন গ্রেফতার করা হয়েছে। খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) ডিবি মঙ্গলবার সন্ধ্যায় বাগমারা মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরে তার নামে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মো. রুহুল আমিন তার ইউটিউব চ্যানেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের করোনাভাইরাস আক্রান্ত সংক্রান্ত মিথ্যা ভিডিওচিত্র ছড়িয়ে গুজব ছড়িয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
কেএমপির উপ কমিশনার মিডিয়া মুখপাত্র শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম ৭ এপ্রিল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন বাগমারা মেইন রোড, বাড়ী নং-১/ছ (মো. হায়দার সাহেবের বাড়ী) এর দক্ষিণ পাশের টিনসেড ঘরের পশ্চিম পাশে রুমের মধ্যে হতে মো. রুহুল আমিনকে (২২) গ্রেফতার করে।
রুহুল আমিন বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃত মো. রুহুল আমিন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ভিডিও তার নিজের তৈরিকৃত ইউটিউব চ্যানেল তাজটিভি (tajtv)-তে আপলোড করেন। যা সম্পূর্ণ বিভ্রান্তকর ও উসকানিমূলক।
বর্তমানে মহামারীরূপে ধারণ করা করোনা ভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।










