নরসিংদী আদালত প্রাঙ্গণে শেখ মুজিবের ম্যুরাল ভাংচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এ সময় আদালতে আনা আসামি ছাত্রলীগের নেতাদের ওপর হামলার ঘটনাও ঘটে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ৩ ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হওয়া জেলার বিভিন্ন উপজেলার ১০ ছাত্রলীগ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন তারা। আদালতে প্রবেশ করানোর সময় কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের বাধা উপেক্ষা করে মারধর করা হয়। পরে আদালত প্রাঙ্গণে থাকা শেখ মুজিবের আংশিক ভাঙা ম্যুরালটি আবারো ভাংচুর করা হয়।

দুপুর দেড়টার দিকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হওয়া ১০ ছাত্রলীগ নেতাকে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজির আদালতে তোলা হয়। এ সময় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামিদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নরসিংদী আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন জানান, গ্রেফতারকৃতদের আদালতে ঢুকানোর সময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দেয়। তারা আসামিদের ওপর হামলার চেষ্টা করলেও পুলিশী নিরাপত্তায় তা সম্ভব হয়নি। আদালত আসামিদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।