ব্রাহ্মণবাড়িয়ায় মামলা নিষ্পত্তি শেষে আলামতের মাদকদ্রব্য ধ্বংস করার জন্য মালখানা থেকে মাদক আনার সময় এক প্যাকেট ইয়াবা লুকিয়ে ফেলার অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মাহমুদুল হাসান। পরে তার কাছ থেকে এক হাজার ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মাদক দ্রব্যের মামলা নিষ্পত্তির পর আদালত চত্বরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা ধ্বংস করা হয়। বুধবার বিকেলে মাদকদ্রব্য ধ্বংস করার ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আনা হয়। আদালতের মালখানায় জমা থাকা মাদকগুলো ঘটনাস্থলে আনার সময় মাহমুদুল একটি প্যাকেট নিজের পকেটে ঢুকিয়ে ফেলেন। পকেট ফুলে থাকায় উপস্থিত ম্যাজিস্ট্রেট তাকে সন্দেহ করেন এবং তল্লাশি করতে বলেন। এ সময় তার পকেটে এক হাজার ২২ পিস ইয়াবাসহ একটি প্যাকেট পাওয়া যায়।


বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম জানান, এ ঘটনায় আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার পর আজ বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।