ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া মকবুল হোসেন (৫৪) নামের একজন কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

বুধবার (৩ জুন ) বিকাল ৫টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ায় ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী নাজমুল হোসেন জানান, নিহত মকবুল হোসেন কেন্দ্রীয় কারাগারে বেলা ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত মকবুল হোসেন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নং ৬২৩০/এ। তার বাবার নাম আলী আহমেদ। তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।