বাধ্যতামূলক অবসরে পাঠানো ও ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা সাবেক জেলা প্রশাসকদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তবে যাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোখলেস উর রহমান বলেন, যারা ওএসডি হয়েছেন বা বাধ্যতামূলক অবসরে গেছেন, তাদের মধ্যে যদি কেউ আর্থিক অনিয়ম করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাজারে চার কোটি, পাঁচ কোটি বা বিশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা রয়েছে। আমরা এসব তথ্য যাচাই করছি। সংশ্লিষ্ট সংস্থাগুলো ও আমাদের নিজস্ব ব্যবস্থায় বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্যি হলে দুদকে পাঠানো হবে। তবে এটি কোনো সাধারণ প্রক্রিয়া নয়।

তিনি আরো বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে না, তারা স্বাভাবিক জীবনযাপন করবেন। তাদের নিয়ে গুজব ছড়ানো উচিত নয়। সরকার নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবে, যাতে কোনো নিরপরাধ কর্মকর্তা ক্ষতিগ্রস্ত না হন।

জনপ্রশাসনের সিনিয়র সচিব জানান, ২০২৪ সালের বিষয়ে সব তথ্য গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন আসার পর সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, চারজন উপদেষ্টার সমন্বয়ে গঠিত প্রশাসনিক কমিটিতে এসব বিষয় বিশ্লেষণ করা হবে। কোনো পক্ষপাতিত্ব বা অন্য কোনো প্রভাবের কারণে সিদ্ধান্ত নেয়া হবে না। আমরা নিশ্চিত করব, যেন কোনো কর্মকর্তা অন্যায়ভাবে ভুক্তভোগী না হন।