জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের ওপর শুধু বাংলাদেশই নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণ বাংলাদেশের ওপর নির্ভরশীল। দেশটির অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। এটি যেন তারা কোনোভাবে ভুলে না যায়। ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় তাহলে তা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে।’
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড়বাজারের শহীদ হাসান চত্বরে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন। সীমান্ত হত্যা প্রসঙ্গে বক্তব্যে তিনি বলেন, ‘গত ৫৪ বছরে সীমান্তে হাজারো বাংলাদেশীকে হত্যা করা হয়েছে, চুয়াডাঙ্গাতেই হত্যা করা হয়েছে দুই শতাধিক। এখন সময় এসেছে জনগণের নিজ দায়িত্বে সীমান্ত, মানচিত্র ও দেশের মানুষকে রক্ষা করার। সেই দায়িত্ব আমরা নিয়েছি। জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যে কাজ করবে।’
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, ‘হাসিনা সরকার হাজারের ওপর মানুষকে গুলি করে হত্যা করেছে, ১০ হাজারের ওপর মানুষকে আহত করেছে। আমার ভাইয়েরা কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে। বিবিসি রিপোর্ট করেছে, গুলির জন্য শেখ হাসিনা নিজেই অর্ডার দিয়েছেন। এ হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগ দায়ী।’
জনতার উদ্দেশে পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন। এদের পক্ষে যারা আছেন, তাদের বয়কট করুন। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে থাকবে। অভ্যুত্থানের নেতারা এখনো রাজপথে আছে। আমাদের সমর্থন করুন, জনগণের সমর্থন পেলে আমরা হতাশ করব না।’ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার থেকে এনসিপির কেন্দ্রীয় নেতারা পদযাত্রা শুরু করেন। পথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজেই তাদের স্বাগত জানান। পরে শহীদ হাসান চত্বরে সমাবেশে মিলিত হন তারা। সভায় আরো বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ অন্য নেতারা।










