টাঙ্গাইলের সখীপুরে চার ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ১০টার মধ্যে বেড়বাড়ি, সখীপুর থানার সামনে এবং কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

সকাল ৭টায় সখীপুর উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ি এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মামুন (২৫) নিহত হন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। ময়মনসিংহের ভালুকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর সকাল ৯টায় সখীপুর থানার সামনে একটি ট্রাকের চাপায় জয়েন উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ মারা যান। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের বাসিন্দা এবং মৃত ওসমান গনির ছেলে। আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

আরেকটি দুর্ঘটনা ঘটে সকাল ১০টায় কুতুবপুর এলাকায়। সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আবু বকর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী প্রাণ হারান। তিনি সখীপুর উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে। মাছ কেনার জন্য অটোভ্যানে ঘাটাইল উপজেলার জোড়দিঘী যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় তিনি মারা যান।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।