বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং সিরাজগঞ্জ কভিড-১৯ প্রতিরোধবিষয়ক কার্যক্রমের সমন্বয়ক আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বাংলাদেশের বড় শক্তি হচ্ছে জনসম্পদ।
ত্রাণ সহযোগিতা মানুষকে কর্মবিমুখ করে।
ত্রাণনির্ভর মানুষ কখনো জনসম্পদে পরিণত হতে পারে না।
এ বিষয়ে আমাদের ভাবার সময় এসেছে।
ত্রাণ নেয়ার মানসিকতা আমাদের বদলাতে হবে।
কাজ করার, স্বাবলম্বী হওয়ার মানসিকতা সৃষ্টি করতে হবে।
তাই সরকার কর্মসংস্থান বৃদ্ধির নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।
যার কারণে দেশের মানুষ এখন নিজ উদ্যোগে স্বাবলম্বী হয়ে সম্পদে পরিণত হচ্ছে।
গতকাল দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে আয়োজিত কভিড-১৯ প্রতিরোধবিষয়ক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাসিবুল ইসলাম বিপিএম, সিভিল সার্জন ডা. রামপদ রায়, সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ।
সভায় সিরাজগঞ্জ জেলার করোনা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয় তা পর্যালোচনা করা হয়।
জেলায় কভিড-১৯ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতি নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি।
পরে এনবিআর চেয়ারম্যান
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ৮০ জন মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন।










