সিরাজগঞ্জের কাজিপুরে কৌশলে হাতিয়ে নেয়া বয়স্কভাতার টাকা ফেরত দিয়েছে এক গ্রামপুলিশ সদস্য। গ্রামপুলিশের এমন অপকর্মের শাস্তি দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের চকদামপুর গ্রামের বৃদ্ধ আজিবার হোসেনের মোবাইল ফোনের নগদ হিসাবে আসে বয়স্কভাতার ৩ হাজার টাকা। একই গ্রামের বাসিন্দা গ্রামপুলিশ সদস্য সোহেল রানা বিষয়টি জানতে পেরে আজিবারের সঙ্গে কথা বলতে যান। আলাপচারিতার এক পর্যায়ে আজিবারের মোবাইল ফোনটি হাতে নেন। এরপর পিন নম্বর জেনে নিজের হিসাব নম্বরে পুরো ৩ হাজার টাকা স্থানান্তর করে নেন। একই গ্রামের আরো দুজনের ভাতার টাকাও তিনি এভাবে নিজের অ্যাকাউন্টে নিয়েছেন।

এদিকে আশপাশের অন্য বয়স্কদের মোবাইল ফোনে ভাতার টাকা আসার বিষয়টি জানাজানি হলে আজিবার হোসেন বিষয়টি গান্ধাইল ইউপি চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান আজিবারের সঙ্গে কথা বলে তার মোবাইল ফোন থেকে টাকা চলে যাওয়ার বিষয়ে নিশ্চিত হন। এ সময় তিনি এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন। ভুক্তভোগীরা ইউএনওর কাছে অভিযোগ করলে ইউএনও গত বৃহস্পতিবার গ্রামপুলিশ সোহেল রানাকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সোহেল রানা অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ভুল বুঝতে পেরে ওই তিনজনকে নগদের মাধ্যমে টাকা ফেরত দিয়েছেন।

আজিবার বলেন, আমরা অশিক্ষিত বয়স্ক মানুষ অত বুঝি না, কিন্তু গ্রামপুলিশের এমন কর্মকাণ্ডে হতবাক হয়েছি। তিনি তার শাস্তি দাবি করেন।

এ বিষয়ে গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, বিষয়টি দুঃখজনক। গ্রামপুলিশ সোহেলকে জিজ্ঞাসাবাদে তার অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি তিনজনের মোবাইলে টাকা ফেরত দিয়েছেন।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, শুনেছি টাকা ফেরত দিয়েছে। তার পরও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।