লক্ষ্মীপুরে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। তার নাম কামরুল হাসান। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে এশার আজান দিতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল পটুয়াখালী জেলার আব্দুল মান্নানের ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বায়তুননুর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়রা জানান, দুই বছর ধরে বায়তুন নুর হোসনেয়ারা জামে মসজিদে ইমামতি করে আসছিলেন কামরুল। এশার নামাজের আজান দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজন রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।