আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে তা সাজানো হবে বলে তিনি জানান। কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন।

‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা’ বিষয়ে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সে লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বিএনপি এরই মধ্যে জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাজাতে শিক্ষাবিদদের একটা বিশেষজ্ঞ টিম তৈরি করেছি। এরই মধ্যে যারা অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন।’

আধুনিক জ্ঞান-বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তির এ সময়ে নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার একাগ্রতার কোনো বিকল্প নেই বলে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন তারেক রহমান। তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিশ্ব বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যুগে কিন্তু প্রবেশ করছে। মেধাবীদের জন্য বিশ্বের দ্বার এখন উন্মুক্ত। জ্ঞান-বুদ্ধি-মেধা এবং যোগ্যতার প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতা সর্বত্র। সুতরাং মাদ্রাসা কিংবা স্কুল যেখানেই তোমরা পড়াশোনা করো না কেন, মনে রাখতে হবে প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে তোমাদের যথোপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে। জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হতে হবে। দক্ষ হতে হবে ব্যবহারিক ও কারিগরি শিক্ষায়।’

জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম, পাকুন্দিয়া বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিনসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।