যৌন হয়রানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য সাংবাদিকদের বলেন, আজকে আমাদের ২২৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে আলাদা ঘটনায় (যৌন হয়রানি) লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ১ শিক্ষার্থীকে এক বছর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ শিক্ষার্থীকে ১ বছর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ৫ জন শিক্ষার্থীর মধ্যে ২ জনকে দুই বছরের জন্য এবং ৩ জনকে এক বছরের জন্য একাডেমিক ও আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশ জারি থাকা কালীন তারা ক্যাম্পাসে ও হলে প্রবেশ করতে পারবে না।
বহিষ্কৃতরা হলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯—২০ সেশনের শিক্ষার্থী মুস্তাকিম সাকিব, লোকপ্রশাসন বিভাগের ২০১৬—১৭ সেশনের শিক্ষার্থী সুমন দাশ সুবির, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬—১৭ সেশনের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম, মো. জায়েদ ইকবাল তানিম, মো. ইমাম হোসেন ইমরান, মো. রিফাত হোসেন, মো. বিশাল আলী। এদের নির্ধারিত সময়ের জন্য একাডেমিক ও আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।










