কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি কোনো রাজনৈতিক শক্তির অর্জন নয়, বরং ‘আল্লাহর অসন্তুষ্টির ফল’।
রোববার (১৬ নভেম্বর) দ্বিতীয় দিনের সংলাপের দ্বিতীয় সেশনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংলাপের শুরুতে কাদের সিদ্দিকী বলেন, তিনি কোনো প্রস্তাব দিতে আসেননি, বরং ইসির সাংবিধানিক অবস্থানকে সম্মান জানাতে সংলাপে যোগ দিয়েছেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার পতন কোনো দল বা আন্দোলনের কারণে হয়নি। আল্লাহ অসন্তুষ্ট হলে তিনিই শাসকের গদি সরিয়ে দেন। আমার বোন শেখ হাসিনা সেই অসন্তুষ্টির কারণ তৈরি করেছিলেন।
চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে ‘টাঙ্গাইলের ইতিহাসে সবচেয়ে বড় জনসমুদ্র’ হিসেবে বর্ণনা করলেও তিনি বলেন, আন্দোলন-পরবর্তী কিছু আচরণ আমাকে ভয় পাইয়ে দিয়েছে। মুজিববাদ, জিয়াবাদ, ৪৭, ৫২, ৬৯, ৭১ সব অস্বীকার করলে অন্যায়ের বিরুদ্ধে ভবিষ্যতে কেউ দাঁড়াবে না।
একই দিনে দুই ভোট আয়োজনকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেন তিনি। বলেন, গণভোটের চার প্রশ্নে ভোটাররা কীভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে, সে বিষয়ে মানুষ এখনো বিভ্রান্ত। গণভোটে অংশগ্রহণ কম হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।










