ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খর্দরায় গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৬ কৃষকের প্রায় ২০ বিঘা জমির পানবরজ। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে ওই গ্রামের দক্ষিণ মাঠে আগুন লাগে। এ সময় পানচাষীরা ফায়ার সার্ভিসে খবর দিলে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকার প্রায় ১৬ জন কৃষকের ২০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।