ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের গণসংযোগস্থলে হামলা করেছে দুষ্কৃতকারীরা। এ সময় পুলিশের হস্তক্ষেপে এ কে আজাদ ঘটনাস্থল ত্যাগ করলেও তার বহরের দুটি গাড়ি ভাংচুর করা হয়।
সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় গতকাল বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, যে দুটি গাড়ি ভাংচুর করা হয়েছে, তার একটি সমকাল পত্রিকার, অন্যটি ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি)।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকাল ৪টার দিকে এ কে আজাদ পরমানন্দপুর বাজার এলাকায় গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দুষ্কৃতকারীরা তাকে ঘিরে ফেলার চেষ্টা চালায়। নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা তখন এ কে আজাদকে ঘিরে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে পুলিশের অনুরোধে এ কে আজাদ ঘটনাস্থল ত্যাগ করেন।










