প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে ১ লাখ ৩২ হাজার (১২৩ কেভি) ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১৭০ ফুট উঁচু টাওয়ারে উঠে পড়েছিলেন এক যুবক। টাওয়ারের ৮০ ফুট উঁচুতে উঠে পড়লে স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে দমকল কর্মী ও পুলিশ ছুটে আসেন। ছুটে আসেন স্বজনরা। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে টাওয়ার থেকে নামিয়ে আনা হয়। 

এমন ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর বিহারীক্যাম্প সংলগ্ন এলাকায়। বিপ্লব মিয়া (২৬) নামে ওই যুবক সিদ্ধিরগঞ্জ-ডাচবাংলা পাওয়ার প্লান্টের টাওয়ারে উঠে গিয়েছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত ৯টায় এ ঘটনা ঘটে।

যুবকের স্বজনরা জানান, ‍বিপ্লব মিয়া আদমজীর বিহারী ক্যাম্পের বাসিন্দা। প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে তিনি শনিবার রাতে বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি দেন। পাশেই দড়ি বেঁধে ফাঁসি নেয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন তিনি। আদমজী ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ ও পরিবারের সদস্যদের অনুরোধেও তাকে নেমে আসতে রাজি করানো যাচ্ছিল না। পরে বিয়ে দেয়াসহ আরো কিছু প্রতিশ্রুতি দিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিহারী ক্যাম্পের ভোলা মেম্বারের কথায় তিনি কিছুটা নিচে নেমে আসেন। এসময় লোকজন হই হই করে ওঠে। ফায়ার সার্ভিসের কর্মীরাও এগিয়ে যান। কিন্তু তিনি আবার উপরে উঠতে থাকেন। এরপর তার ভাই বাবুর মাধ্যমে ফায়ার সার্ভিসের হ্যান্ডমাইকে কথা বললে আবার কিছুটা নিচে নেমে আসেন। পরে টাওয়ারের অপর প্রান্ত দিয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুই কর্মী উপরে উঠে তাকে আটকে ফেলেন। পরে বেল্ট দিয়ে বেঁধে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হন। 

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ওই যুবক বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৬৫-৭০ ফুটতে উপরে উঠে যান। ঘটনাস্থলে গিয়ে আমরা বিভিন্ন উপায়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হই। বিপ্লবের বাবা রিয়াজউদ্দিন জানান, তার ছেলে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য ঘরে হুমকি-ধমকিসহ নানা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। বেশ কয়েকদিন ধরে একই ক্যাম্পের এক মেয়েকে বিয়ে করতে পরিবারের অনুমতি চেয়ে আসছেন বিপ্লব। কিন্তু পরিবার সম্মতি না দেয়ায় এই ঘটনা ঘটিয়েছে। 

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক জানান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও আদমজীর ফায়ার সার্ভিস কর্মীরা ওই যুবককে টাওয়ার থেকে নামিয়ে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। 

পিজিসিবির সিদ্ধিরগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মামুনুর সবুর বলেন, টাওয়ারটি দিয়ে ১ লাখ ৩২ হাজার (১৩২ কেভি) ভোল্টের বিদ্যুৎ লাইনের তার গেছে। টাওয়ারটি আনুমানিক ১৭০ ফুট উঁচু। যখন ওই যুবক টাওয়ারে উঠেছিলেন তখনও বিদ্যুৎ সরবরাহ চালু ছিল। আমাদের কাছে যখন খবরটি পৌঁছে ততক্ষণে তাকে নামিয়ে আনা হয়েছে।