লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের প্রায় ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামুনুর রশিদ নামে এক ব্যক্তি বাদী হয়ে তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রগঞ্জ আদালতে এজাহার দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে চন্দ্রগঞ্জ থানার ওসিকে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আদালতের ভারপ্রাপ্ত বিচারক তারেক আজিজ এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নুরুল আমিন।
মামলার বাদী মামুনুর রশিদ সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতোলা গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে বক্তব্য জানতে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেনের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি।