বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস গতকাল নীরবে পার হয়েছে। করোনা মহামারীর কারণে দিবসটি উপলক্ষে কোনো কর্মসূচি না থাকায় কবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িও ছিল সুনসান।
মহাকালের চেনাপথ ধরে প্রতি বছর ২২ শ্রাবণ আসে। এই ২২ শ্রাবণ বিশ্বব্যাপী রবি-ভক্তদের কাছে একটি শূন্য দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিবস।
বিশ্ব মহামারী করোনার কারণে বিশ্বকবির স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারি বাড়ি প্রাঙ্গণে এ উপলক্ষে জেলা বা উপজেলা প্রশাসন থেকে কোনো অনুষ্ঠানমালার আয়োজন করা হয়নি।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা জানান, সরকারি কোনো ঘোষণা না আসায় প্রয়াণ দিবসে রবীন্দ্র কাছারি বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
এদিকে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস উপলক্ষে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গতকাল সন্ধ্যায় অনলাইন প্লাটফর্মে (ফেসবুক লাইভ) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলী।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত লেখক, গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হকসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণের কথা রয়েছে।










