খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ১০০ শয্যা থেকে ১৬০ শয্যায় উন্নীত করা হচ্ছে। এজন্য এখানে ১০ জন চিকিৎসক ও ৪০ জন নার্স যোগদান করছেন। এছাড়া নতুন আরেকটি অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজও শুরু হয়েছে।

গতকাল খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান জানান, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এরই মধ্যে করোনা ইউনিটে বিদ্যমান ১০০ শয্যার সঙ্গে আরো ৩০টি শয্যা চালু করা হয়েছে। হাসপাতালের সাবেক গ্যাস্ট্রোঅ্যান্টোলজি বিভাগে নতুন করে ৩০টি শয্যা দেয়ার কাজ শুরু হয়েছে।

তিনি জানান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডেপুটেশনে এখানে ১০ জন চিকিৎসক ও ৪০ নার্স নিযুক্ত করেছেন। শনিবার এ-সংক্রান্ত চিঠি পাওয়া গেছে। চলতি সপ্তাহের মধ্যে করোনা হাসপাতালকে ১৬০ শয্যায় উন্নীত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিচালক আরো জানান, করোনা রোগীদের জন্য নতুন আরেকটি অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু হয়েছে। এ প্লান্টটি বসাতে ৮-১০ দিন সময় লাগতে পারে।

এদিকে খুলনা বিভাগে টানা চারদিন করোনায় শনাক্তের রেকর্ড ভাঙার পর শনিবার শনাক্তের হার কিছুটা কমেছিল। তবে একদিন পরই ফের শনাক্তের নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬০৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন আটজন। সুস্থ হয়েছেন ১৬৬ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা গতকাল এসব তথ্য নিশ্চিত করেছেন।