দেশের ভবিষ্যৎ নিরাপদ রাখতে পরিবেশের সুরক্ষা জরুরি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে প্রকৃতির ওপর বাড়তি চাপ না পড়ে। প্রকৃতিকে পরাজিত করা যায় না। বরং তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন গড়তে হয়।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার সেনাপ্রাঙ্গণে ইউনিভার্সিটি অব স্কলারসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে কনভেনশন প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দেন তিনি।

এ সময় শব্দ দূষণ ও পলিথিন দূষণের মতো পরিবেশগত সমস্যা মোকাবেলায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু নিজের ভবিষ্যৎ নয়, দেশের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে। শিক্ষার প্রকৃত মূল্য তখনই পাওয়া যায়, যখন তা সমাজের উন্নয়নে কাজে লাগে। শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই সমাজ বদলাবে না। পরিবর্তন আনতে হবে বাস্তব কাজের মাধ্যমে।

সিস্টেমকে কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব শুধু নিজেদের নিয়ে ভাবা নয়। সমাজ ও দেশ নিয়েও ভাবতে হবে। সাধারণ মানুষের জন্য সেবা প্রাপ্তি সহজ করতে হবে। যেন কেউ হয়রানির শিকার না হয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, সরকার একা পরিবর্তন আনতে পারবে না। আমাদের প্রত্যেককেই পরিবর্তনের অংশ হতে হবে। শুধু অন্যের ওপর দোষ না চাপিয়ে নিজের অবস্থান থেকে সচেতন হলেই একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়া সম্ভব।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম, ইউনিভার্সিটি অব স্কলারসের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল (অব.) ফরিদ হাবিব, উপাচার্য প্রফেসর ড. এনামুল বাসার এবং কনভোকেশন স্পিকার ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরী।

সমাবর্তনে শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। পাশাপাশি গোল্ড মেডেলিস্টদের সনদ ও পদক দেয়া হয়।