কানাডার ছয় কূটনীতিককে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। গতকাল কানাডা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়ার কয়েক ঘণ্টা পর এ সিদ্ধান্তের কথা জানায় নয়াদিল্লি। খবর রয়টার্স ও হিন্দুস্তান টাইমস।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কানাডার ছয় কূটনীতিককে ১৯ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভারত ত্যাগ করতে হবে। ছয় কূটনীতিক হলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার স্টুয়ার্ট রস হুইলার, ডেপুটি হাইকমিশনার প্যাট্রিক হেবার্ট এবং চার ফার্স্ট সেক্রেটারি মেরি ক্যাথেরিন জোলি, ইয়ান রোস ডেভিড ট্রিটস, অ্যাডাম জেমস চুপিকা ও পাওলা ওরজুয়েলা।
এর আগে গতকাল সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, তারা কানাডা থেকে নিজেদের কূটনীতিকদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে।
ভারত ও কানাডার কূটনৈতিক টানাপড়েনের সূত্রপাত গত বছরের জুনে। ওই সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, শিখ ‘বিচ্ছিন্নতাবাদী’ নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং হত্যায় ভারতীয় এজেন্টদের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনার সূত্র ধরে গত বছরের অক্টোবরে কানাডার ৪১ কূটনীতিককে দেশে ফিরিয়ে নিতে বলে ভারত। এর মধ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হলো, সেটি ওই শিখ নেতার হত্যাকাণ্ডের তদন্তকে ঘিরেই।










