জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত মো. হাসানের কফিন কাঁধে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কফিন মিছিল করেছে ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মো. হাসানের জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে রাজু ভাস্কর্যের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মরদেহ বহনকারী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। জানাজা শেষে হাসানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ঢাকা মেডিকেল মর্গে সাত মরদেহের সন্ধান পায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। সেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে মো. হাসানের মরদেহ শনাক্ত করা হয়।

জানাজায় ছাত্র-জনতা বলেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে জুলাই-আগস্টে আন্দোলনরত ছাত্র জনতার ওপর নারকীয় হত্যা করেছে। এ হত্যার সরাসরি নির্দেশদাতা আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগের জায়গা এ বাংলাদেশে হবে না। তাদেরকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। জুলাইয়ের একজন সৈনিকও বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর রচনা করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগ এখনো থেমে নাই। আওয়ামী লীগ এখনো আমাদের শরীরের রক্ত নিচ্ছে। এদের নিষিদ্ধ করতে হবে অর্ন্তবর্তী সরকারকে। কেউ যদি পুনরায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে ছাত্র-জনতা আবারো মাঠে নামতে প্রস্তুত।

হাসানের বাবা মো. মনির হোসেন বলেন, ৫ আগস্ট বাসা থেকে বের হয়ে আমার ছেলে আর ফেরেনি। পরদিন থেকে ঢাকা মেডিকেলের মর্গ থেকে শুরু করে ঢাকার প্রতিটি মর্গ, হাসপাতাল এবং কবরস্থানে খোঁজ নিয়েও তাকে পাইনি। এরপর ঢাকা মেডিকেলের মর্গে হাসান ইনাম ভাই এবং নাফিসা সাকাফি আপু আমার ছেলের মরদেহ শনাক্ত করে। পরে আমরা ডিএনএ টেস্ট দিয়ে ১ মাস ১ দিন পর আজ ছেলের মরহেহ বুঝে পাই। ৫ আগস্ট যারা আমার ছেলেসহ হাজারো মানুষকে হত্যা করেছে তাদের কঠিন থেকে কঠিনতর বিচার চাই। একজন একজন করে ধরে সবাইকে সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি জানাই।

এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচার দাবি করেন হাসানের বাবা।

এর আগে গাজীপুরের ছাত্র-জনতার ওপর হামলায় আবুল নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।