বরিশাল নগরীঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নগরীর ত্রিশ গোডাউন-সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, মান্না, মানিক, রুবেল ও সম্পদ। এরা সবাই নোয়াখালির হাতিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছে, বুধবার বিকাল সোয়া ৫ টার দিকে কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় যমুনা পেট্রোল ডিপো থেকে একটি ট্রলারে করে ড্রামভর্তি জ্বালানি তেল ও ব্রয়লার মুরগির খাবার লোড করা হচ্ছিল। এ সময় হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরিত হয় তেলের কয়েকটি ব্যারেল। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ট্রলারটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়াটার বোট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ট্রলারে থাকা ৬ জনের মধ্যে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ ৪ জনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা প্রেরণ করা হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিস বলছে, ঘটনার খবর পেয়ে তারা তাদের কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল থেকে ট্রলারটি ভাসিয়ে ত্রিশ গোডাউন এলাকায় নিয়ে আসা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি কী কারণে ঘটেছে তা তদন্ত করা হবে।










