দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানির আয়োজন করা হয়েছে।
আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হওয়া গণশুনানিতে দুর্নীতির শিকার সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণশুনানিতে প্রধান অতিথি থাকবেন দুদকের চেয়ারম্যান ড. আবদুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ । এছাড়াও পাবনা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এ সময় উপস্থিত থাকবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে অভিযোগের বিষয়ে দুদক সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার নাগরিকদের সমস্যা সমাধান করাই গণশুনানির মূল উদ্দেশ্য। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতকরণ, সততা ও মূল্যবোধ বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।










