যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো ওই এলাকার হারুন মোল্যার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও সাঈদ মোল্যার ছেলে হোসাইন (৫)।

বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার বলেন, দুপুরে ওই এলাকার চার শিশু পাশের পুকুরে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন পুকুরে ডুবে যায়। আরেক শিশু দৌড়ে বাড়ি ফিরে জানায়, অন্যরা পুকুরে ডুবে গেছে। তখন স্থানীয়রা পুকুরে নেমে শিশুদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক আল আমিন জানান, হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান, স্থানীয়রা পানিতে নেমে প্রথমে ডুব দিয়ে এক শিশুকে উদ্ধার করে। পরবর্তী সময়ে আরো দুজনকে উদ্ধার করা হয়েছে। এরপর তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।