ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে আজ ও আগামীকাল দুদিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত মোট ২৪টি দলের সঙ্গে তারা মতবিনিময় করবে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ কথা জানিয়েছেন।
জানা গেছে, গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলোচনা হবে। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাসদ, ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে।
আগামীকাল সকাল সাড়ে ১০টায় শুরু হবে তৃতীয় দিনের সংলাপ। প্রথম ভাগে অংশ নেবে বাংলাদেশ লেবার পার্টি, সাংস্কৃতিক মুক্তিজোট, ন্যাপ, বিকল্পধারা বাংলাদেশ, কল্যাণ পার্টি ও মুসলিম লীগ-বিএমএল। দ্বিতীয় ভাগে আলোচনায় বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে গত বৃহস্পতিবার ইসি সচিবালয়ে শুরু হওয়া এ ধারাবাহিক সংলাপের দ্বিতীয় ও তৃতীয় দিনেও নির্বাচন কমিশনাররা ও ইসি সচিব উপস্থিত থাকবেন। ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করাই এ ধারাবাহিক সংলাপের উদ্দেশ্য। বর্তমানে কমিশনের নিবন্ধিত দল রয়েছে মোট ৫৩টি। এছাড়া নিবন্ধনের অপেক্ষায় রয়েছে নতুন আরো তিনটি দল।










