বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোয় আরো সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
টেকসই উন্নয়ন, দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান, রেসকিউ সেন্টার স্থাপন ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
আজ সোমবার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারের প্রতি অভিনন্দন জানান এবং দুর্যোগের নতুন নতুন ধরণ ও পরে প্রতিকারে যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। তিনি বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান ছিলেন।










