খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২০-২১ অর্থ-বছরের জন্য ৫শ’ কোটি টাকার প্রস্তাবিত বাজেট তৈরি করা হয়েছে। এবার বাজেটের আকার ছোট হয়েছে। গত অর্থ বছরের চেয়ে ৩শ কোটি টাকা কমানো হয়েছে। ২০১৯-২০ অর্থ বছর ৮৬৫ কোটি টাকার মেগা বাজেট ঘোষণা করা হয়। করোনার কারণে অর্জন হয়েছে ৮০ ভাগ। ২০১৮-১৯ অর্থ- বছর ৬৩৭ কোটি ৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। ঈদের পরপরই নতুন বাজেট পেশ করা হতে পারে।
বাজেট কাম একাউন্ট অফিসার এম এম হাফিজুর রহমান এ সব তথ্য নিশ্চিত করে বলেন, এবার বাজেটে নতুন করে কোন কর আরোপ করা হয়নি। বিভিন্ন প্রকল্পের টাকা ছাড় না হওয়ায় বাজেটের আকার ছোট করা হয়েছে। সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা ছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকা। সংশোধিত আকারে দাঁড়িয়েছে ৫৯৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার প্রায় ৮০ শতাংশ।
২০১৯-২০ অর্থ বছরের জন্য ৮৬৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয় ২০১৯ সালের ২৪ জুলাই। নগর ভবনের শহীদ আলতাপ মিলনায়তনে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন। এবার করোনার কারণে বাজেট তৈরি করতে বিলম্ব হয়েছে। এ জন্য ঘোষণা করতেও দেরি হচ্ছে।
গত বছর বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬৯ কোটি ৮২ লাখ ২৬ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে ব্যয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকা। ২০১৮-১৯ অর্থ বছরে বাজেটের লক্ষমাত্রা ছিলো ৬৩৭ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা।
সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ২৯৮ কোটি ৮৩ লাখ টাকা। লক্ষমাত্রা অর্জনের হার ছিলো ৪৬ দশমিক ৯০ শতাংশ। তবে এবার অর্জনের হার অনেক বেশী। ২০১৮-১৯ অর্থ-বছরের বাজেট সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির পরিষদের পাঁচ বছরের সর্বশেষ বাজেট ঘোষণা ছিল। ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিল ৪৪০ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার টাকা। পরে তা সংশোধিত আকারে দাঁড়ায় ২৫৫ কোটি ৭৮ লাখ ২৯ হাজার টাকায়। লক্ষ্যমাত্রা অর্জন হয় শতকরা ৫৮ দশমিক ২৯ ভাগ।
কেসিসির অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. গাউসুল আযম বলেন, চলতি বাজেট শতভাগ বাস্তবায়নের টার্গেট ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। তারপরও ৮০ ভাগ বাস্তবায়ন হয়েছে। এবারের প্রস্তাবিত বাজেট প্রায় ৫শ’ কোটি টাকা করা হয়েছে। সব খাতেই কাটছাট করা হয়েছে। বিশেষ করে নিজস্ব আয়ের ও ব্যয়ের খাত ছোট করা হয়েছে। আগামী ৫ আগস্ট অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় বাজেট নিয়ে চূড়ান্ত হবে। তারপরও ১৫ থেকে ২০ আগস্টের মধ্যে বাজেট ঘোষণা করা হতে পারে।









