কুমিল্লার হোমনায় পূর্বশত্রুতার জেরে মো. কাউসার (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের তাতুয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাউসার একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে তাতুয়ার চর গ্রামের কাউসার ও ইমরানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান কাউসারকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, ইমরান ও কাউসারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। শুক্রবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে কাউসার ছুরিকাঘাতে মারা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।