জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) ২০২৬-এর চূড়ান্ত পর্ব আগামী ১৩ জুন (শনিবার) আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁঞা প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

আইসিটি বিভাগের সচিব বলেন, ‘আমরা অনেক সময় প্রোগ্রামিংকে শুধু কোড লেখা হিসেবে দেখি। কিন্তু বাস্তবে প্রতিটি কোডের পেছনে থাকে একটি সমস্যা সমাধানের লক্ষ্য। প্রোগ্রামিং তরুণদের মধ্যে যৌক্তিক চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং সৃজনশীলতা গড়ে তোলে, যা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও নেতৃত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুইজ ও প্রোগ্রামিং মিলিয়ে পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৭ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী নিবন্ধন করে। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে প্রোগ্রামিং ও কুইজ বিভাগে ৮৩২ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রোগ্রামিং প্রতিযোগিতা বাংলাদেশ-কোরিয়া ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (বিকেআইআইসিটি), বিসিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। কুইজ প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এটিএম. জিয়াউল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জফরুল আলম খান, বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলামসহ দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।