নারায়ণগঞ্জের সোনারগাঁ কলতাপাড়া এলাকায় বিল্লাল হোসেন এক ব্যবসায়ীর মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে কলতাপাড়া ওই ব্যবসায়ীর বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম রফিক। তিনি জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পুলিশ জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের কলতাপাড়া বাজারে বিল্লাল হোসেনের একটি মুদি দোকান রয়েছে। রোববার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু বাড়ি ফিরেননি। সকালে তার ছেলে বাবাকে খুঁজতে বের হয়ে বাড়ি থেকে কিছু দূরে মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন। খরর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্র জানায়, বিল্লাল হোসেনের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে এলাকার এক ব্যক্তির সঙ্গে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে দুইমাস আগে তাকে মারধরও করা হয়।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ জমিসংক্রান্ত বিরোধসহ সব দিক মাথায় রেখেই তদন্ত করছে।