কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পের দূষিত পয়ো-বর্জ্যের কারণে নষ্ট হয়ে গেছে প্রায় ৫০ একর জমির বোরো ধান। এতে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে স্থানীয় ধান চাষীরা।

কৃষকরা জানান, উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লম্বাশিয়া এলাকার স্থানীয় চাষীরা নিজস্ব অর্থ খরচ করে জমিতে বোরোর চারা রোপন করেছিলেন। জমিগুলোয় বিপুল পরিমাণ বোরোর আবাদও হয়েছিল। কিন্তু মিয়ানমার থেকে এদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ক্যাম্প ওয়ান ইস্টের রোহিঙ্গাদের দূষিত বর্জ্য ধানক্ষেতে এসে সয়লাব হয়ে যায়। এতে স্থানীয় কৃষকদের প্রায় ৫০ একর জমির ধান নষ্ট হয়ে গেছে। শতাধিক ধানচাষীর ব্যাপক অর্থের ক্ষতি হয়েছে।

৫০ একর জমির ফসল নষ্ট কথা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন। তিনি জানান, ক্যাম্পের অভ্যন্তরে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রোহিঙ্গা ক্যাম্পের মলমূত্রের দূষিত বর্জ্যের পানি পাশ্ববর্তী জমি ও লোকালয়ে ছড়িয়ে পড়ে। চলতি মৌসুমে প্রায় ৫০ একর জমির ধান দূষিত পানিতে মাঠেই নষ্ট হয়ে হয়ে গেছে।

তিনি জানান, জরুরি ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতসহ ক্ষতিগ্রস্থ স্থানীয় কৃষকদেরকে আর্থিকভাবে প্রণোদনা দেয়ার জন্য আইএনজিও এবং এনজিওর সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।